

স্পোর্টস ডেস্কঃ
পাকিস্তানকে গুঁড়িয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে উঠেছে বাংলাদেশ। টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনালে পাকিস্তানের যুবাদের ৭ উইকেটে হারিয়েছে বাংলাদেশের যুবারা। প্রথম সেমিফাইনালে শ্রীলঙ্কাকে সমান ৭ উইকেটে হারিয়ে ফাইনালে উঠেছিল ভারত। আগামী ৮ ডিসেম্বর দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শিরোপা জয়ের লড়াইয়ে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ।
২০২৩ সালের আসরে আরব আমিরাতকে ১৯৫ রানে হারিয়ে প্রথমবারের মতো যুব এশিয়া কাপের শিরোপা জিতেছিল বাংলাদেশ। এবার ভারতের বিপক্ষে শিরোপা ধরে রাখার লড়াই আজিজুল হাকিম তামিমের দলের।
শুক্রবার দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুরুতেই অর্ধেক কাজ করে দিয়েছেন বাংলাদেশের বোলাররা। দুই পেসার ইকবাল হোসেন ইমন ও মারুফ মৃধা অগ্নিঝরা বোলিংয়ে মোট ৬ উইকেট তুলে নেন পাকিস্তানের।
শেষ পর্যন্ত পাকিস্তান গুটিয়ে যায় ৩৭ ওভারে মাত্র ১১৬ রান করে। জবাব দিতে নেমে ২২.১ ওভার ব্যাট করে ৩ উইকেট হারিয়ে দাপুটে জয় তুলে নেয় বাংলাদেশ।
পাকিস্তানের হয়ে সর্বোচ্চ ৩২ বলে ৩২ রান করেন ফারহান ইউসুফ। ৬৫ বলে ২৮ রান করেন মোহাম্মদ রিয়াজুল্লাহ। ৪১ বলে ১৮ রান করেন অধিনায়ক সাদ বাইগ। ৩০ বলে ১০ রান নেন হারুন আরশাদ। বাকিরা ছিলেন এক অংকে আটকা।
জবাব দিতে নেমে দলীয় ২৮ রানে দুই ওপেনার কালাম সিদ্দিকি (১৪ বলে ০) ও জাওয়াদ আবরারকে (২৫ বলে ১৭) হারায় বাংলাদেশ। তৃতীয় উইকেটে আজিজুল হাকিম ও শিহাব জেমসের ৫৭ রানের জুটিতে জয়ের সুবাস পায় যুব টাইগাররা। ৩৬ বলে ২৬ রান করে শিহাব জেমস আউট হয়ে গেলে রিজান হোসেনকে নিয়ে ম্যাচ জেতান আজিজুল হাকিম।
৪২ বলে ৬১ রানের হার না মানা অনবদ্য ইনিংস খেলেন অধিনায়ক আজিজুল হাকিম। তার সঙ্গে রিজান অপরাজিত থাকেন ৫ রানে।
মন্তব্য করুন


অনেকদিন ধরে শোনা যাচ্ছিল বাংলাদেশের ইতিহাসের অন্যতম সফল ওপেনার তামিম ইকবাল নামতে যাচ্ছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচনী মাঠে। অবশেষে সেই গুঞ্জন সত্যি হলো। অক্টোবরে অনুষ্ঠেয় বিসিবি নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছেন জাতীয় দলের সাবেক এই অধিনায়ক।
তবে সরাসরি সভাপতি পদে লড়ার সুযোগ নেই তার সামনে। গঠনতন্ত্র অনুযায়ী, আগে পরিচালক হিসেবে নির্বাচিত হতে হবে, তারপরই সভাপতি হওয়ার পথ খোলা। তামিমও সেই প্রক্রিয়াতেই অংশ নিচ্ছেন।
এক শীর্ষ গণমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে তামিম বলেন,‘যদি প্রশ্ন করেন আমি নির্বাচনে আসছি কি না—খুব ভালো সম্ভাবনা আছে। আমি নির্বাচন করছি। আমি ক্রিকেটে বিনিয়োগ করেছি, দুটি ক্লাবের সঙ্গে জড়িত আছি। ফলে কাউন্সিলর তো আমি হবোই।’
তার এই ঘোষণার পর বোর্ডের ভেতরে নতুন করে রাজনৈতিক আলোচনার জন্ম দিয়েছে। অনেকেই মনে করছেন, পরিচালক হিসেবে নির্বাচিত হলেও ভবিষ্যতে সভাপতির আসনেই চোখ রাখছেন তিনি। গত এক বছরে বিসিবির নেতৃত্বে একাধিক পরিবর্তন এসেছে। রাজনৈতিক পালাবদলের পর দীর্ঘদিনের সভাপতি নাজমুল হাসান পাপন দেশ ছাড়েন। এরপর নতুন সরকার এসে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) কোটায় আরেক সাবেক অধিনায়ক ফারুক আহমেদকে সভাপতি বানায়। কিন্তু অনিয়ম ও দুর্নীতির অভিযোগে মাত্র ৯ মাসের মাথায় পদ ছাড়তে হয় তাকে।
বর্তমানে বোর্ডের হাল ধরেছেন সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুল। অনেকের চোখে তিনি গ্রহণযোগ্য নেতৃত্বের প্রতীক হলেও, তামিমের মতো জনপ্রিয় এক সাবেক অধিনায়কের মাঠে নামা বিসিবির ভবিষ্যৎ নেতৃত্বে নতুন মাত্রা যোগ করল।
বাংলাদেশ ক্রিকেটকে দীর্ঘদিন সেবা দেয়া তামিম ইকবাল মাঠের ভেতরে যেমন ছিলেন নির্ভরতার নাম, মাঠের বাইরেও তার অভিজ্ঞতা, জনপ্রিয়তা ও ক্রিকেট-জ্ঞান এবার তাকে তুলে ধরছে বোর্ড পরিচালনার জন্য একটি যোগ্য প্রার্থী হিসেবে।
মন্তব্য করুন


পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ১১তম আসরের আগে বড় চমক দিল বর্তমান চ্যাম্পিয়ন লাহোর কালান্দার্স। সরাসরি চুক্তিতে বাংলাদেশের বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমানকে দলে ভিড়িয়েছে ফ্র্যাঞ্চাইজিটি। ২০২৬ মৌসুমের জন্য এই চুক্তিতে মুস্তাফিজের পারিশ্রমিক নির্ধারিত হয়েছে ৬.৪৪ কোটি পাকিস্তানি রুপি। যা বর্তমান বিনিময় হার অনুযায়ী বাংলাদেশি মুদ্রায় ২ কোটি ৮১ লাখ টাকার বেশি।
এর আগে ২০১৬ ও ২০১৮ মৌসুমে লাহোর কালান্দার্সের হয়ে খেলেছিলেন মুস্তাফিজ। দীর্ঘ বিরতির পর আবারও পুরনো ঠিকানায় ফিরছেন তিনি। চুক্তি ঘোষণার সময় লাহোর কালান্দার্সের মালিক সামিন রানা বলেন, ‘একবার কালান্দার মানেই চিরকাল কালান্দার। মুস্তাফিজ শুধু একজন খেলোয়াড় নন, তিনি আমাদের পরিবারের অংশ। শিরোপা ধরে রাখার লড়াইয়ে তার অভিজ্ঞতা আমাদের বড় শক্তি হবে।’
এর আগে লাহোর কালান্দার্স নিজেদের স্কোয়াডে রেখে দিয়েছে অধিনায়ক শাহীন শাহ আফ্রিদি, গুরুত্বপূর্ণ ব্যাটার আবদুল্লাহ শফিক, অলরাউন্ডার সিকান্দার রাজা এবং প্রতিভাবান তরুণ মোহাম্মদ নাইমকে।
উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে আন্তর্জাতিক ক্রিকেট রাজনীতির টানাপড়েনেও আলোচনায় ছিলেন মুস্তাফিজ। গত মাসে কলকাতা নাইট রাইডার্স তাকে দল থেকে বাদ দেয়।
এর প্রতিক্রিয়ায় ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে অস্বীকৃতি জানায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড। পরে টুর্নামেন্ট থেকে বাংলাদেশকে বাদ দিয়ে স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করে আইসিসি।
মন্তব্য করুন


স্পোর্টস ডেস্কঃ
বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য দল ঘোষণা করেছে ওয়েস্ট ইন্ডিজ। যেখানে ইংল্যান্ডের বিপক্ষে ক্যারিবিয়ানদের শেষ সিরিজের দল থেকে স্কোয়াডে দুটি পরিবর্তন আনা হয়েছে।
হায়ডেন ওয়ালশ জুনিয়র ও জুয়েল অ্যান্ড্রুর জায়গা নিয়েছেন আমির জাঙ্গু ও জাস্টিন গ্রিভস। টেস্টে বাংলাদেশের বিপক্ষে সেঞ্চুরি হাঁকানোর পুরস্কার পেয়েছেন গ্রিভস।
আমির জাঙ্গুকে স্কোয়াডে প্রথমবারের মতো ডাকা হয়েছে। আর নেতৃত্বে আছেন শেই হোপ। সহ-অধিনায়কের ভূমিকায় ব্রেন্ডন কিং।
এর আগে সোমবার বিকালে বাংলাদেশের ওয়ানডে স্কোয়াড ঘোষণা করা হয়। নিয়মিত অধিনায়ক নাজমুল হোসেন শান্তর চোটের কারণে এই সিরিজে দলকে নেতৃত্ব দেবেন মেহেদী হাসান মিরাজ। চোটের কারণে আরও নেই তাওহীদ হৃদয় ও মুশফিকুর রহিম। নেই সাকিব আল হাসানও।
সেন্ট কিটসে ওয়ানডে সিরিজের ম্যাচ তিনটি হবে ৮, ১০ ও ১২ ডিসেম্বন।
ওয়েস্ট ইন্ডিজ দল: শেই হোপ (অধিনায়ক), ব্রেন্ডন কিং (সহ-অধিনায়ক), কেসি কার্টি, রোস্টন চেজ, ম্যাথু ফোর্ড, জাস্টিন গ্রিভস, শিমরন হেটমায়ার, আমির জাঙ্গু, আলজারি জোসেফ, শামার জোসেফ, এভিন লুইস, গুড়াকেশ মোটি, শেরফানে রাদারফোর্ড, জায়ডেন সিলস ও রোমারিও শেফার্ড।
মন্তব্য করুন


ব্যালন ডি’অর পুরস্কার নিয়ে গত বছর বেশ কিছু বিতর্ক তৈরি হয়েছিল। রিয়াল মাদ্রিদের তারকা ভিনিসিয়ুস জুনিয়রের পরিবর্তে ম্যানচেস্টার সিটির মিডফিল্ডার রদ্রিগেকে ব্যালন ডি’অর দেওয়া হলে তা নিয়ে প্রশ্ন উঠেছে। ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়ুস জুনিয়র ক্ষোভে ব্যালন ডি’অর অনুষ্ঠানে যোগ দেননি। এমনকি তার ক্লাব রিয়াল মাদ্রিদও এই অনুষ্ঠান বয়কট করেছে।
ভিনিসিয়ুস জুনিয়রের হাতে ব্যালন ডি’অর না যাওয়ার খবর পেয়ে রিয়াল মাদ্রিদ অনুষ্ঠানে অংশ নেয়নি। ভিনিসিয়ুস কেন প্যারিসে যাননি, তা নিয়ে দীর্ঘদিন পর এবার তিনি নিজেই কথা বলেছেন।
চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোতে আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে মাঠে নামার আগে ব্যালন ডি’অর নিয়ে ভিনিসিয়ুসের কাছে জানতে চাইলে তিনি বলেন, "আমাকে আমার ক্লাব যা করতে বলেছে, আমি তা-ই করেছি। তারা আমাকে মাদ্রিদে থাকতে বলেছে, আমি সেটাই করেছি। কোনো সমস্যা নেই। আমরা এখন পরের দিকে মনোযোগ দিচ্ছি।"
ব্যালন ডি’অর জয়ের সবচেয়ে বড় দাবিদার হওয়া সত্ত্বেও শেষ পর্যন্ত পুরস্কারটি না পাওয়ার অভিজ্ঞতা কেমন ছিল—এমন প্রশ্নের জবাবে ভিনিসিয়ুস বলেন, "আমি কখনোই ব্যালন ডি’অর জেতার স্বপ্ন দেখিনি। তবে আপনি যদি এত কাছাকাছি যান, তাহলে অবশ্যই সেটা পেতে চাইবেন। তবে আমার জন্য এখনও ব্যক্তিগত পুরস্কার এবং ক্লাবের হয়ে ট্রফি জেতার সুযোগ আছে। এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমি ইতিমধ্যে দুটি ইউরোপীয় ট্রফি জিতেছি। আরও জেতার জন্যই আমি এখানে আছি।"
ভিনিসিয়ুস শুধু ব্যক্তিগত সাফল্য নয়, রিয়াল মাদ্রিদের হয়ে ইতিহাস গড়ার লক্ষ্য নিয়েও কথা বলেন। তিনি বলেন, "আমি এখানে ইতিহাস লেখার জন্য এসেছি। এই ক্লাব এবং প্রেসিডেন্ট আমাকে যা দিয়েছেন, আমি তা শোধ করতে চাই। আশা করি, আমি গোল করে যেতে পারব এবং এই জার্সি গায়ে দিয়ে আরও অনেক ম্যাচ খেলব। এখন আমি জয়ের স্বাদ পেয়েছি এবং এখানে আমার ইতিহাস লেখা শুরু করেছি। আমি আরও চাই।"
মন্তব্য করুন


স্পোর্টস ডেস্ক:
ম্যানচেস্টার ইউনাইটেড হেড কোচ এরিক টেন হাগকে বরখাস্ত করেছে। এর ফলে রেড ডেভিলদের সঙ্গে ডাচ কোচের আড়াই বছরের সম্পর্কের সমাপ্তি ঘটলো। বিবিসি এবং ESPN সহ বেশ কয়েকটি আন্তর্জাতিক সংবাদমাধ্যম এ খবর নিশ্চিত করেছে।
গতকাল রবিবার ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচে ওয়েস্টহ্যামের কাছে পরাজিত হওয়ার ২৪ ঘণ্টার কম সময়ের মধ্যে টেন হাগকে বরখাস্ত করা হলো। আজ সোমবার ক্লাব কর্তৃপক্ষ তাকে ক্লাব ছাড়ার সিদ্ধান্ত জানায়।
স্যার অ্যালেক্স ফার্গুসনের পর, কেউই ম্যানচেস্টার ইউনাইটেডকে সঠিক পথে পরিচালনা করতে পারেননি। সর্বশেষ টেন হাগের অধীনে ক্লাবটি আবারও ব্যর্থতার পরিচয় দিয়েছে। যদিও দীর্ঘদিন ধরেই তার ক্লাব ছাড়ার গুঞ্জন শোনা যাচ্ছিল।
টেন হাগের সময় সহকারী কোচ হিসেবে দায়িত্ব পালন করছিলেন আরেক ডাচ কিংবদন্তি রুড ফন নিস্টেলরয়। তাকেই এবার অন্তবর্তীকালীন হেড কোচ হিসেবে নিয়োগ করা হয়েছে।
মন্তব্য করুন


এশিয়া কাপে দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে আইসিসির টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে বড় ধরনের পরিবর্তন এসেছে। বাংলাদেশের দুই ক্রিকেটার মুস্তাফিজুর রহমান ও সাইফ হাসান র্যাঙ্কিংয়ে বিশাল লাফ দিয়েছেন। বোলিংয়ে এগিয়েছেন মুস্তাফিজ, আর ব্যাটিংয়ে সাইফ।
সাময়িক ফর্মহীনতায় কিছুটা পিছিয়ে পড়ার পর মুস্তাফিজুর রহমান আবারও স্বরূপে ফিরেছেন। এশিয়া কাপের গত দুই ম্যাচে তিনি মাত্র ৮ রান গড়ে ৬ উইকেট শিকার করেছেন, যা তাকে র্যাঙ্কিংয়ে ছয় ধাপ এগিয়ে এনেছে। বর্তমানে তিনি বোলারদের তালিকায় ৯ নম্বরে অবস্থান করছেন। বোলিং র্যাঙ্কিংয়ে পাকিস্তানি লেগস্পিনার আবরার আহমেদও দারুণ ফর্মে রয়েছেন। গত সপ্তাহে ১১ ধাপ এগিয়ে আসার পর এবার আরও ১২ ধাপ এগিয়ে তিনি এখন চতুর্থ স্থানে।
তবে শীর্ষস্থান ধরে রেখেছেন ভারতের তারকা স্পিনার বরুণ চক্রবর্তী। বাংলাদেশের অন্যান্য বোলারদের মধ্যে শেখ মেহেদী হাসান তিন ধাপ এগিয়ে ১৭ নম্বরে, তানজিম হাসান সাকিব দুই ধাপ এগিয়ে ৪০তম স্থানে এবং শরীফুল ইসলাম ছয় ধাপ পিছিয়ে ৬৪তম স্থানে আছেন। অন্যদিকে, তাসকিন আহমেদ এক ধাপ পিছিয়ে ৩১ নম্বরে আছেন।
ব্যাটারদের র্যাঙ্কিংয়ে বিশাল লাফ দিয়েছেন সাইফ হাসান। এশিয়া কাপের সুপার ফোরে ব্যাট হাতে ৬১ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলে তিনি ১৩৩ ধাপ এগিয়েছেন। বর্তমানে তিনি ব্যাটসম্যানদের তালিকায় ৮১তম স্থানে অবস্থান করছেন। ব্যাটারদের র্যাঙ্কিংয়ে শীর্ষে রয়েছেন ভারতের অভিষেক শর্মা। ওমানের বিপক্ষে ৩৮ এবং পাকিস্তানের বিপক্ষে ৭৪ রানের ম্যাচজয়ী পারফরম্যান্সে তার অবস্থান আরও শক্ত হয়েছে। তার সতীর্থ তিলক ভার্মা ১৯ বলে ৩০ রান করে তৃতীয় স্থানে উঠে এসেছেন। পাকিস্তানের সাহিবজাদা ফারহান ৩১ ধাপ এগিয়ে ২৪তম স্থানে উঠে এসেছেন।
অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে ভারতের হার্দিক পান্ডিয়া শীর্ষে থাকলেও পাকিস্তানের ফাহিম আশরাফ দারুণ পারফর্ম করে ১২ ধাপ এগিয়ে ৩৯তম স্থানে আছেন। শ্রীলঙ্কার ওয়ানিন্দু হাসারাঙ্গা দুই ম্যাচে চার উইকেট নিয়ে এক ধাপ এগিয়ে সপ্তম স্থানে রয়েছেন।
মন্তব্য করুন


বাংলাদেশ ফুটবলে বেশ কিছু দিন ধরেই আলোচনায় রয়েছে ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব লেস্টার সিটির বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলার হামজা দেওয়ান চৌধুরী। বাংলাদেশ জাতীয় ফুটবল দলে তার খেলার সম্ভাবনা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে মাঝে মধ্যে ইতিবাচক, আবার কখনো নেতিবাচক খবর শোনা যায়।
ইংল্যান্ডের যুব দলে খেলা হামজার বাংলাদেশি জাতীয় দলে খেলার সম্ভাবনা এখনো ফিফার দফতরে আটকে রয়েছে। বাফুফে প্রয়োজনীয় সব তথ্য ফিফাকে পাঠিয়েছে, কিন্তু ফিফার প্লেয়ার্স স্ট্যাটাস কমিটি থেকে এখন পর্যন্ত সবুজ সঙ্কেত আসেনি।
এদিকে ভারতের কিছু গণমাধ্যম খবর দিয়েছে, আগামী মার্চে ভারতের বিপক্ষে বাংলাদেশ খেলতে নামবে এবং হামজাও এই ম্যাচে খেলবেন। আগামী বছর ২৫ মার্চ ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে বাংলাদেশ এশিয়ান কাপ-২০২৭ এর বাছাইয়ের তৃতীয় পর্ব শুরু করবে। বাংলাদেশ দলের প্রথম ম্যাচ ভারতের বিপক্ষে।
ভারতের মাটিতে খেলা নিয়ে ইতোমধ্যে দক্ষিণ এশিয়ার বড় দুই দলের মধ্যে আলোচনা শুরু হয়ে গেছে।
বাংলাদেশ দলের হয়ে হামজার খেলার সম্ভাবনা কেমন? আজ সোমবার এ বিষয়ে প্রশ্নের জবাবে বাফুফে সভাপতি তাবিথ আউয়াল বলেন, "আমরা আপনাদের সময়মতো সঠিক তথ্য দেবো। এ মুহূর্তে আমাদের কাছে হামজাকে নিয়ে কোনো আপডেট নেই। আপনারা যা সামাজিক যোগাযোগমাধ্যমে দেখছেন তা এখন পর্যন্ত সত্য নয়। যখনই কোনো আপডেট হবে, সবার আগে আমরা গণমাধ্যমকে জানাবো।"
এ বিষয়ে বাফুফে সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার বলেন, "এ মুহূর্তে কোনো নতুন তথ্য দিতে পারছি না। আমরা কাজ করছি। ফিফা আমাদের কাছে যা যা চেয়েছে সবই দিয়েছি। অন্য দেশের গণমাধ্যমে যা লেখা হচ্ছে, সেগুলো আগের খবর। হামজা পাসপোর্ট পেয়েছেন, ইংল্যান্ড ফুটবল অ্যাসোসিয়েশন ছাড়পত্র দিয়েছে, এসব খবর নতুন নয়। আমি হামজাকে জাতীয় দলে অন্তর্ভুক্ত করার ব্যাপারে আশাবাদী।"
মন্তব্য করুন


স্পোর্টস ডেস্ক:
দক্ষিণ আমেরিকার মহাদেশীয় শ্রেষ্ঠত্বের লড়াই কোপা আমেরিকার ফাইনালে কলম্বিয়ার মুখোমুখি হবে আর্জেন্টিনা। শিরোপা নির্ধারণী ম্যাচের আগে প্রশ্ন উঠেছে আলবিসেলেস্তারা হোম না অ্যাওয়ে কোন জার্সি পরে মাঠে খেলবেন। অবশেষে সেই উত্তর মিলেছে।
আর্জেন্টিনার সংবাদমাধ্যম মুন্দো আলবিসেলেস্তা আজ শনিবার জানিয়েছে, কলম্বিয়ার বিপক্ষে মেগা ফাইনালে আর্জেন্টিনা খেলবে চিরচেনা আকাশি-নীল জার্সি আর সাদারঙা শর্টস পরে। যেটা আর্জেন্টিনার ‘হোম’ জার্সি।
অবশ্য কলম্বিয়া ও আর্জেন্টিনার জার্সির রঙ ভিন্ন হওয়ায় দুই দলকে জার্সি নির্বাচনের ক্ষেত্রে তেমন কোনো সমসায় পড়তে হচ্ছে না। আর গোলরক্ষক মার্তিনেজকে দেখা যাবে সবুজ জার্সিতে।
আর্জেন্টিনা টানা দ্বিতীয়বারের মতো কোপা আমেরিকার ফাইনালে উঠেছে। এবারের কোপায় জিতলে ইতিহাসের দ্বিতীয় দল হিসেবে টানা তিনটি মেজর শিরোপা জয়ের কৃতিত্ব গড়বে আর্জেন্টাইনরা।
এদিকে কলম্বিয়ার কাছে ফাইনালের লড়াই অতীত গৌরব ফেরানোর। তাই কোনো ছাড় দেবে না হামেস রদ্রিগেসরাও।
মন্তব্য করুন


স্পোর্টস ডেস্কঃ
বাংলাদেশ অলিম্পিক অ্যাসসিয়েশনের (বিওএ) সভাপতি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।
শুক্রবার (২৫ অক্টোবর) বিওএ’র নির্বাচন কমিশনার এবং জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) সচিব মোঃ আমিনুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
জানা গেছে, পদের বিপরীতে একাধিক মনোনয়ন পত্র না জমা হওয়ায় এবং একমাত্র মনোনয়নপত্র বৈধ হওয়ায় জেনারেল ওয়াকার-উজ-জামান সভাপতি হিসেবে নির্বাচিত হন।
বিওএ'র সভাপতি পদে সেনাপ্রধান দায়িত্ব পালন করে আসছেন নির্বাচিত প্রক্রিয়ার মাধ্যমে। সেই ধারাবাহিকতায় বর্তমান সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বিওএ সভাপতি হয়েছেন।
সেনাপ্রধান হিসেবে অবসরের পর জেনারেল এসএম শফিউদ্দিন আহমেদ অলিম্পিকের সভাপতি থেকে পদত্যাগ করেন। সেই শূন্য পদে নির্বাচনে উদ্যোগ নেয় বিওএ।
বিওএ সভাপতি নির্বাচনে খসড়া ভোটার তালিকায় ৭১ জন কাউন্সিলর ছিলেন। জাতীয় ক্রীড়া পরিষদ, মন্ত্রণালয় অনেক ফেডারেশন কর্মকর্তাকে অব্যাহতি প্রদান করায় শেষ পর্যন্ত চূড়ান্ত ভোটার তালিকায় কাউন্সিলর সংখ্যা দাঁড়ায় ৫২।
মন্তব্য করুন


স্পোর্টস ডেস্ক:
৩৯ বছর বয়সেও ফুটবল মাঠে রূপালী ঝলক ছড়িয়ে যাচ্ছেন ক্রিস্টিয়ানো রোনালদো। সম্প্রতি নেশনস লিগে পোল্যান্ডের বিরুদ্ধে দুটি গোল করেছেন, যার মধ্যে একটি ছিল বাইসাইকেল কিকে। এমন দুর্দান্ত ফর্মে থাকা রোনালদোকেও অবসর নিয়ে প্রশ্ন করা হয়েছিল ম্যাচ শেষে।
অবসর নিয়ে এখনো কোন সিদ্ধান্ত নেননি রোনালদো। তিনি বলেছেন, "অবসর বিষয়ে আমি এখনো কিছু ভাবি না। একদিন হঠাৎ করে বুটজোড়া তুলে রাখার সিদ্ধান্ত নেব।"
পোল্যান্ড ম্যাচ শেষে অবসর বিষয়ে রোনালদো জানান, "জাতীয় দলের সঙ্গে সরে যাওয়ার সিদ্ধান্ত আমি অনেক চিন্তা-ভাবনা করে নেব। আমি আগে থেকে কিছু ঘোষণা করব না, একদিন হঠাৎ করেই সিদ্ধান্ত নিব।"
এখনকার সময়টা কেবল উপভোগ করতে চান ফুটবল বিশ্বের অন্যতম মহাতারকা রোনালদো। তিনি আরও বলেন, "এখন আমি শুধু খেলাটা উপভোগ করতে চাই। অবসর আসবে একদিন, হয়তো এক-দু’বছর পর। আমি জানি না। আমার বয়স দ্রুত ৪০ হতে যাচ্ছে, তাই এখন সময়টা ভালোভাবে কাটাতে চাই। যতদিন তাগিদ থাকবে, ততদিন খেলব। যেদিন অনুপ্রেরণা অনুভব করব না, সেদিন অবসর নেব।"
এখনকার মৌসুমে রোনালদো দারুণ ফর্মে আছেন। সৌদি প্রো লিগ ক্লাব আল নাসরের হয়ে ইতিমধ্যে ১০টি গোল করেছেন এবং ৩টি গোলের সহায়তা করেছেন।
পর্তুগালের জার্সিতে এবারের নেশনস লিগে ৪ ম্যাচে ৫ গোল করেছেন এবং দেশের হয়ে পৌঁছে গেছেন ১৩৫ গোলের মাইলফলকে।
মন্তব্য করুন