

রোহিঙ্গা সংকটের আট বছর পূর্তিতে বাংলাদেশের প্রতি সমর্থন জানাল পশ্চিমা বিশ্বের ১১ দেশ। মিয়ানমারের অস্থিরতা ও মানবিক বিপর্যয় মোকাবিলায় তারা আন্তর্জাতিক সম্প্রদায়ের সমন্বিত ভূমিকার ওপর জোর দিয়েছে।
মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে রোহিঙ্গাদের বাংলাদেশে আশ্রয় নেওয়ার আট বছর পূর্তিতে এক যৌথ বিবৃতি দিয়েছে অস্ট্রেলিয়া, ইতালি, যুক্তরাজ্য, কানাডা, নেদারল্যান্ডস, নরওয়ে, ডেনমার্ক, সুইডেন, ফ্রান্স, সুইজারল্যান্ড ও ফিনল্যান্ড। সোমবার সকালে ঢাকায় ফরাসি দূতাবাস তাদের সামাজিক যোগাযোগমাধ্যমে বিবৃতিটি প্রকাশ করে।
বিবৃতিতে বলা হয়, আট বছর আগে মিয়ানমারের সেনা অভিযানে বিপুলসংখ্যক রোহিঙ্গা বাস্তুচ্যুত হয়ে বাংলাদেশে আশ্রয় নেয়। বর্তমানে ১১ লাখের বেশি রোহিঙ্গা এখানে অবস্থান করছে এবং নতুন করে শরণার্থী প্রবেশও অব্যাহত রয়েছে। কঠিন পরিস্থিতির মধ্যেও রোহিঙ্গাদের দৃঢ়তা ও সহনশীলতাকে এতে প্রশংসা করা হয়।
১১ দেশ বাংলাদেশের জনগণ ও অন্তর্বর্তী সরকারের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলে, বাংলাদেশ দীর্ঘদিন ধরে রোহিঙ্গাদের আশ্রয়, নিরাপত্তা ও মানবিক সহায়তা দিয়ে আসছে। তবে সংকটের স্থায়ী সমাধান হলো নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন, যার পরিবেশ এখনো মিয়ানমারে তৈরি হয়নি। এজন্য বাস্তুচ্যুতির মূল কারণগুলো সমাধান জরুরি বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।
যৌথ বিবৃতিতে মিয়ানমারের সেনা ও সশস্ত্র গোষ্ঠীর সহিংসতা ও মানবাধিকার লঙ্ঘনের তীব্র নিন্দা জানানো হয়। সহিংসতা বন্ধ, আটক ব্যক্তিদের মুক্তি এবং মানবিক সহায়তার অবাধ প্রবেশ নিশ্চিত করার আহ্বান জানানো হয়।
এছাড়া মানবিক তহবিল কমতে থাকায় রোহিঙ্গাদের আত্মনির্ভরশীলতা বৃদ্ধির ওপর গুরুত্ব আরোপ করা হয়। একই সঙ্গে কক্সবাজারের স্থানীয় জনগণ, যারা দীর্ঘদিন ধরে শরণার্থীদের সহায়তা করছেন, তাদের প্রতি সমর্থন অব্যাহত রাখার অঙ্গীকার করা হয়।
আন্তর্জাতিক সম্প্রদায় বলছে, রোহিঙ্গাদের অর্থবহ অংশগ্রহণ ও প্রতিনিধিত্ব নিশ্চিত করতে হবে, যাতে তারা বাংলাদেশে অবস্থানকালে নিরাপদ ও মর্যাদাপূর্ণ জীবনযাপন করতে পারে। আট বছর পরও বিশ্বের বিভিন্ন দেশ সংকট সমাধান এবং বাংলাদেশের পাশে থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে।
মন্তব্য করুন


যুব ও ক্রীড়া উপদেষ্টা এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া বলেছেন, জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান নিয়ে মিথ্যাচার করা হলে তা সহ্য করব না।
রোববার (১৬ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১টার দিকে সামাজিক মাধ্যম ফেসবুকে এক পোস্টের মাধ্যমে তিনি এ কথা জানান।
আসিফ মাহমুদ তার স্ট্যাটাসে লেখেন, রাজনৈতিক স্বার্থে অনেকে অনেক কিছু বলছেন। তাতে আপত্তি নেই। কিন্তু জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাস বিকৃত করবেন না।
উপদেষ্টা আরও লেখেন, এই প্রজন্মের রক্তের অর্জন ‘জুলাই গণঅভ্যুত্থান’ নিয়ে মিথ্যাচার টলারেট করব না। সবকিছু নিয়ে চুপ থাকলেও এটা নিয়ে চুপ থাকা যায় না।
স্ট্যাটাসের শেষে তিনি মিথ্যাচারকারীদের প্রতি ইতিহাস দখলের নোংরা খেলা বন্ধ করার আহ্বান জানান।
মন্তব্য করুন


স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেছেন, ‘ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রশাসন নিরপেক্ষভাবেই কাজ করছে।’ কেউ কোনো পক্ষপাতিত্ব করছে না দাবি করে প্রার্থীদের অভিযোগ রাজনৈতিক বলেও মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা।
সোমবার (২ ফেব্রুয়ারি) বরিশাল বিভাগে আইন-শৃঙ্খলা বিষয়ক এক মতবিনিময়সভায় অংশ নিয়ে এসব কথা বলেন। শহরের শিল্পকলা একাডেমিতে সভাটি অনুষ্ঠিত হয়।
এতে মাঠ পর্যায়ের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভায় তারা জাতীয় সংসদ নির্বাচনের নানা চ্যালেঞ্জ, সমস্যা ও তাদের চাহিদা তুলে ধরেন। সুষ্ঠু নির্বাচন বাস্তবায়নে নানা দিকনির্দেশনা দেন স্বরাষ্ট্র উপদেষ্টা। পরে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে ভোটের পরিবেশ ভালো আছে বলে মন্তব্য করেন।
যেকোনো পরিস্থিতি মোকাবেলায় আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী প্রস্তুত আছে বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠু করতে ১ লাখ সেনা সদস্য থাকবে। ঝুঁকিপূর্ণ কেন্দ্রে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর বাড়তি সদস্য মোতায়েন করা হচ্ছে বলেও জানান তিনি।
মন্তব্য করুন


ত্রয়োদশ জাতীয় নির্বাচন সামনে রেখে পুলিশকে নিরপেক্ষভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। রোববার রাজারবাগ পুলিশ লাইনে আয়োজিত নির্বাচনি প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে তিনি এই আহ্বান জানান।
পুলিশ সদস্যদের উদ্দেশ্যে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, রাজনৈতিক কোনো দলের বিশেষ সুবিধা নেওয়া ও নিজেকে রাজনৈতিক কর্মী ভাববেন না। মনে রাখবেন পেশি শক্তি কখনো শান্তি প্রতিষ্ঠা করতে পারে না। আপনাদের সব কাজ জনস্বার্থ ও আইন দ্বাড়া পরিচালিত হয়।
রাজনৈতিক দলের নেতাদের তোষামোদ করতে বারণ করে তিনি বলেন, আপনারা রাজনৈতিক দল থেকে দূরে থাকবেন। আমি বারবার আপনাদের বলছি, আপনারা এখন যদি তেল দেওয়া শুরু করে দেন তাহলে আপনাদের তেল কিন্তু নির্বাচনের পর শেষ হয়ে যাবে।
তিনি বলেন, অতএব এখন যার কাছে যে তেলটা আছে রিজার্ভ করে রাখবেন। পরে কিন্তু তেলটা কাজে লাগাতে পারবেন। এজন্য আপনারা কোনো দলের দিকে যাবেন না। আপনারা একেবারে জনগণের যে আশা-আকাঙ্ক্ষা এটা পূরণ করার জন্য আপনারা চেষ্টা করবেন।
মন্তব্য করুন


দেশের ৭ জেলায় তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। পাশাপাশি চার বিভাগে বৃষ্টির আভাস রয়েছে। এছাড়া দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।
শনিবার (৫ এপ্রিল) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে এসব তথ্য।
এতে বলা হয়েছে, শনিবার ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম এবং সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো/বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।
রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ, খুলনা, বাগেরহাট, পটুয়াখালী এবং রাঙ্গামাটি জেলাসমূহের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।
আবহাওয়াবিদ তরিফুল নেওয়াজ কবির জানিয়েছেন, আগামীকাল থেকে বৃষ্টির সম্ভাবনা কম। আজও যে বৃষ্টির আভাস রয়েছে, এটি উল্লেখিত বিভাগগুলোর দু-এক জায়গায় হতে পারে। ভারী বৃষ্টি ছাড়া গরম কমার সম্ভাবনা নেই।
আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১৭.৮ ডিগ্রি সেলসিয়াস ছিল তেঁতুলিয়ায়। গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬.৮ ডিগ্রি সেলসিয়াস, মোংলায়।
মন্তব্য করুন


আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন করতে সরকার বদ্ধপরিকর বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল। রাজনৈতিক দল নিষ্ঠার সঙ্গে জুলাই সনদের আলোচনায় অংশগ্রহণ করেছেন। এ নিষ্ঠার ধারাবাহিকতা হিসেবে তারা জুলাই সনদে সই করবেন বলে আত্মবিশ্বাসী আইন উপদেষ্টা।
বুধবার দুপুরে সচিবালয়ে আইন মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
নির্বাচন নিয়ে আইন উপদেষ্টা বলেন, ফেব্রুয়ারি মাসে নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে সরকার বদ্ধপরিকর। এ নিয়ে সরকারের আর কোনো দ্বিতীয় চিন্তা নেই। নির্বাচন প্রক্রিয়ার কাজ চলছে।
জুলাই সনদে স্বাক্ষরে রাজনৈতিক ঐকমত্য প্রসঙ্গে আইন উপদেষ্টা বলেন, আমার মনে হয়, সমস্ত রাজনৈতিক দল যে নিষ্ঠার সঙ্গে এ আলোচনায় অংশগ্রহণ করেছেন। আমি জানি না তারা কি করবেন। তবে আমার মনে হয় এ নিষ্ঠার ধারাবাহিকতা হিসেবে তারা জুলাই সনদে সই করবেন।
উপদেষ্টাদের লক্ষ্য করে রাজনৈতিক দলগুলোর সমালোচনা প্রসঙ্গে তিনি মন্তব্য করেন, রাজনৈতিক দলগুলোও এখন উপদেষ্টাদের হুমকি দিচ্ছে, নানা সমালোচনা করছে। এটিকে গণতান্ত্রিক উত্তোরণ বলা যায়।
মন্তব্য করুন


মিটফোর্ডে ভাঙারি ব্যবসায়ী সোহাগ হত্যার ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনা হবে বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
আজ শনিবার সকালে ঢাকা জেলা পুলিশ লাইন ও রিজার্ভ ফোর্স কার্যালয় পরিদর্শনকালে তিনি এ কথা জানায়।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, বিচার প্রক্রিয়া ধীরগতির দায় আইনশৃঙ্খলা বাহিনীর না। তবে, আইনশৃঙ্খলা বাহিনী নির্লিপ্ত ভূমিকা পালন করছে না।
উপদেষ্টা বলেন, আমরা খুব অসহিষ্ণু হয়ে গেছি। এই অসহিষ্ণুতা আমাদের কমিয়ে আনতে হবে। সমাজের নীতি-নির্ধারক, অভিভাবক, শিক্ষক, চিকিৎসক সবার চেষ্টায় এই সহিংসতা কমিয়ে আনতে হবে।
তিনি বলেন, আমরা সবাইকে অনুরোধ করছি, কেউ যেন আইন নিজের হাতে তুলে না নেয়। কোনো ঘটনা ঘটলে সেটা যেন আইনশৃঙ্খলা বাহিনীর কাছে জানানো হয়। আইনশৃঙ্খলা বাহিনী সেটার যথাযথ ব্যবস্থা নেবে।
অনেকে অভিযোগ করছেন আইনশৃঙ্খলা বাহিনী এখনো কঠোর হচ্ছে না, এমন অভিযোগের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আইনশৃঙ্খলা বাহিনী কঠোর না হলে পাঁচজনকে কীভাবে গ্রেফতার করা হলো? গতকাল কাঠমান্ডুর বিমানের ফ্লাইটে ফেরত আসার ঘটনায় যে মহিলা টেলিফোন করেছিল, তাকে গ্রেফতার করা হয়েছে। তাকে যে পরামর্শ দিয়েছে তাকেও আইনের আওতায় আনা হয়েছে। অনেক সময় দু-এক জায়গায় হয়তো একটু দেরি হতে পারে। তবে এসব ঘটনায় আমরা সঙ্গে সঙ্গে অ্যাকশনে যাই।
মন্তব্য করুন


প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মালয়েশিয়া সফরের প্রথম দিনে বাংলাদেশ ও মালয়েশিয়া বিভিন্ন খাতে সহযোগিতার জন্য পাঁচটি সমঝোতা স্মারক ও তিনটি নোট বিনিময় করেছে। মঙ্গলবার (১২ আগস্ট) সকালে কুয়ালালামপুরের পুত্রজায়ায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের দ্বিপক্ষীয় বৈঠকের পর এসব চুক্তি ও নোট বিনিময় হয়।
প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়েছে।
যেসব বিষয়ে সমঝোতা স্মারক সই হয়েছে, তার মধ্যে রয়েছে- প্রতিরক্ষা সহযোগিতা, জ্বালানি বিষয়ক সহযোগিতা, ব্যবসায়িক কাউন্সিল গঠন (এফবিসিসিআই ও এনসিসিআইএম), বিএমসিসিআই ও মালয়েশীয় প্রতিষ্ঠান এমআইএমওএসের মধ্যে সহযোগিতা এবং বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ (বিআইআইএসএস) এবং মালয়েশিয়ার ইনস্টিটিউট অব স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজের (আইএসআইএস) মধ্যে সহযোগিতা সংক্রান্ত।
এর আগে সকাল ৯টায় প্রধান উপদেষ্টা ড. ইউনূস কুয়ালালামপুরের পুত্রজায়ায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে পৌঁছালে তাকে লাল গালিচা অভ্যর্থনা দেওয়া হয়। সেখানে ড. ইউনূসকে গার্ড অব অনার দেওয়া হয়।
গার্ড অব অনার প্রদান শেষে আনোয়ার ইব্রাহিম তার মন্ত্রিসভার সদস্যদের ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে পরিচয় করিয়ে দেন। পরে ড. ইউনূস প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে মিলিত হন।
মন্তব্য করুন


বাংলাদেশ আর্থিক গোয়েন্দা ইউনিট (বিএফআইইউ) সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানার ব্যাংক হিসাবের তথ্য তলব করেছে। একইসঙ্গে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্টের ব্যাংক হিসাবের তথ্যও তলব করা হয়েছে।
সোমবার (৯ ডিসেম্বর) বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা সংস্থা বিএফআইইউ দেশের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কাছে এ সংক্রান্ত নির্দেশনা পাঠিয়ে অ্যাকাউন্টের তথ্য তলব করেছে।
বিএফআইইউর এক ঊর্ধ্বতন কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন।
এ নির্দেশের মাধ্যমে মানি লন্ডারিং প্রতিরোধ বিধিমালা সংশ্লিষ্ট ধারা প্রযোজ্য হবে বলে বিএফআইইউর চিঠিতে বলা হয়েছে। চিঠিতে তলব করা ব্যক্তির নাম, জাতীয় পরিচয়পত্রের তথ্য দেওয়া হয়েছে।
বিএফআইইউর নির্দেশনায় আরও বলা হয়েছে, হিসাব তলব করা ব্যক্তিদের সংশ্লিষ্ট তথ্য বা দলিল যেমন হিসাব খোলার ফরম, কেওয়াইসি ও লেনদেন বিবরণী ইত্যাদি চিঠি দেওয়ার তারিখ থেকে ৫ কার্যদিবসের মধ্যে বিএফআইইউতে পাঠানোর জন্য ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোকে বলা হয়েছে।
বিএফআইইউর সংশ্লিষ্ট কর্মকর্তা জানান, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্টের অ্যাকাউন্টে কোথা থেকে কীভাবে টাকা এসেছে, তা জানাতে বলা হয়েছে।
এছাড়া সেই অর্থ পরবর্তী সময়ে কোথায় খরচ হয়েছে, নগদে উত্তোলন হয়েছে কি না, এসব বিস্তারিত তথ্যও চাওয়া হয়েছে। চিঠিতে এই ট্রাস্টের ঠিকানা ধানমন্ডির ৩২ নম্বর সড়কের বঙ্গবন্ধু ভবন উল্লেখ করা হয়েছে। ট্রাস্টের চেয়ারম্যান শেখ হাসিনা। তার বোন শেখ রেহানা অন্যতম ট্রাস্টি।
এছাড়া অন্য যারা এই ট্রাস্টের সঙ্গে জড়িত কিংবা যেসব অ্যাকাউন্টে ট্রাস্টের হিসাব থেকে অর্থ স্থানান্তর হয়েছে, জমা হয়েছে, তাদের তথ্যও দিতে বলা হয়েছে।
বিএফআইইউর আরেক চিঠিতে গোপালগঞ্জের বাসিন্দা ও ধারাভাষ্যকার চৌধুরী জাফরুল্লাহ সরাফাত, তার ভাই চৌধুরী হাবিবুল্লাহ সরাফাত, এবং তাদের মা ডালিয়া চৌধুরী-র হিসাবের তথ্য চাওয়া হয়েছে।
এর আগে, তাদের আরেক ভাই ও পদ্মা ব্যাংকের সাবেক চেয়ারম্যান চৌধুরী নাফিজ সরাফাতের ব্যাংক হিসাব জব্দ করে বিএফআইইউ। তাদের পরিবারের সঙ্গে শেখ হাসিনা পরিবারের অত্যন্ত ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে।
মন্তব্য করুন


ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডের ঘটনায় সবমিলিয়ে ১ বিলিয়ন ডলার বা ১২ হাজার কোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছে এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইএবি)।
সোমবার এক ব্রিফিংয়ে ইএবি এ কথা জানায়। ইএবি জানায়, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অগ্নিকাণ্ডের ঘটনায় সব মিলিয়ে ১ বিলিয়ন ডলার বা ১২ হাজার কোটি টাকার ক্ষতি হয়েছে।
ব্রিফিংয়ে আরও বলা হয়, এ ঘটনায় দেশের শুধু আর্থিক ক্ষতি হয়নি, দেশের ভাবমূর্তি ব্যাপকভাবে ক্ষুণ্ন হয়েছে, যা উদ্বেগের।
গত শনিবার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। প্রায় ২৭ ঘণ্টা পর ওই আগুন পুরোপুরি নেভানো সম্ভব হয়। এরই মধ্যে এ অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্ত কমিটি করেছে সরকার।
মন্তব্য করুন


ডেস্ক রিপোর্ট:
প্রাথমিক শিক্ষক নিয়োগে পোষ্য কোটা আর থাকবে না, এ কথা জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার। আজ রবিবার খুলনা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে বিভাগীয় কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ তথ্য দেন।
প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা বলেন, 'প্রাথমিক শিক্ষকের ৯৩ শতাংশ নিয়োগ মেধার ভিত্তিতে হবে, পোষ্য কোটা আর থাকছে না। এছাড়া, শিক্ষক নিয়োগের ক্ষেত্রে প্রি-সার্ভিস প্রশিক্ষণের ওপর গুরুত্ব দেয়া হবে, যাতে শিক্ষার মানোন্নয়ন হয়।'
তিনি আরও বলেন, 'প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও প্রয়োজনীয় বাজেট বৃদ্ধি সময়ের দাবি। প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে মানসম্মত ব্যবস্থা গড়ে তোলা প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের একার পক্ষে সম্ভব নয়, তাই এ ক্ষেত্রে সমাজের সকলের সহযোগিতা প্রয়োজন।'
ডা. বিধান রঞ্জন পোদ্দার আরও জানান, 'দেশের প্রাথমিক বিদ্যালয়ের ভৌত অবকাঠামো ভালো, তবে কিছু কিছু এলাকায় সমস্যা রয়েছে, সেগুলো ঠিক করা হচ্ছে। ঢাকার সিটি করপোরেশন এবং পার্শ্ববর্তী এলাকায় সুন্দর স্কুল ভবন নির্মাণ করা হচ্ছে। আগামী পাঁচ বছরের মধ্যে সব প্রাথমিক বিদ্যালয়ে ‘মিড ডে মিল’ চালু করা হবে। প্রথমে ১৫০টি উপজেলার সব স্কুলে ‘মিড ডে মিল’ চালু হবে, যা একনেকে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। বর্তমানে কক্সবাজার ও বান্দরবানসহ কিছু এলাকায় ‘মিড ডে মিল’ চালু রয়েছে।'
এছাড়াও, বিভাগীয় কমিশনার মো. দ. ফিরোজ সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন অতিরিক্ত ডিআইজি জয়দেব চৌধুরী, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক মোহাম্মদ আতিকুর রহমান, খুলনা বিভাগীয় উপপরিচালক ড. মো. শফিকুল ইসলাম।
মতবিনিময় সভায় সংশ্লিষ্ট জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তা, বিভাগীয় ও জেলা শিক্ষা অফিসার, পিটিআইর সুপারিনটেনডেন্ট, থানা শিক্ষা অফিসারসহ প্রাথমিক শিক্ষা সংশ্লিষ্টরা সরাসরি ও অনলাইনে উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন